মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে মো.আলমাছ নামের এক কৃষকের গর্ভবতী গরুকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে করে ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (৭ মার্চ) ভুক্তভোগী কৃষক আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শনিবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে একই এলাকার ওসমান ও সোহেল পূর্ব শত্রুতার জের ধরে আলমাছ কে এলোপাতাড়ি কিল ঘুষি ও পিটিয়ে আহত করে।এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে বিবাদীরা মারধরে শান্ত না হয়ে আলমাছ এর গৃহ পালিত গবাদী পশু গরু, যাহার অনুমান মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা হত্যার লক্ষ্যে তার বসতবাড়ীর লোকজনদের অগোচরে বসতবাড়ীতে অপরাধমূলক অনধিকার প্রবেশ করে গোয়াল ঘরে থাকা গরুর খাবারে বিষ মিশিয়ে গরুকে খাওয়ানোর এক ঘন্টার মধ্যে গরুটি মারা যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আলমাছ।
ভুক্তভোগী কৃষক মো. আলামাছ বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে গির্দা এলাকার ওসমানের সঙ্গে বিরোধ চলছিল। গত শুক্রবার আমাকে মারধর করেও তারা শান্ত হয়নি, প্রতিদিনের মত রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে গেলে অগোচরে তারা বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে গোয়াল ঘরে থাকা গরুর খাবারে বিষ মিশিয়ে গরুকে হত্যা করে।এতে আমার প্রায় তিন লাখ টাকার গরুসহ বাছুর মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সেই সাথে নবাগত এমপির সুদৃষ্টি কামনা করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. ওসমান বলেন, আমার তার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল তা গ্রাম্য শালিসে মীমাংসা হয়েছে। তবে কে বা কারা তার গরুকে বিষ খাইয়েছে তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।
এবিষয়ে আরাইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে গরুটি বিষপানে না অন্য কোনো কারণে মারা গেছে তা ফরেনসিক রিপোর্ট আসলে জানা যাবে। রিপোর্টের ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন